বুয়েটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, আপিল করবে ঢাবি
হাইকোর্টের নির্দেশের পর ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত সূচিতেই ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয়টি।
বুধবার বুয়েটের বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান নতুন পরীক্ষার তারিখ জানান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ভর্তি আবেদনের নতুন সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
এর আগে ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল বুয়েট। সে অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরুর কথা ছিল।
এদিকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাই কোর্ট। এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ এবং এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এ আদেশ দেওয়া হয়।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে আদালতের নির্দেশের পরপরই ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। একই সঙ্গে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম চালানোর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ৫ ডিসেম্বর, শেষ হবে ২৬ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত এই সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড়।
ভর্তি পরীক্ষা পেছালে সেশনজটের আশঙ্কা এবং বিপুলসংখ্যক আবেদনকারীর বিষয়টি তুলে ধরে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা পেছায় তাহলে সেশনজটের কবলে পড়বে। করোনাভাইরাসের সময় যে সেশনজট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে প্রায় চার বছর লেগেছে। তাই আমরা ভর্তি পরীক্ষা পিছিয়ে আবার সেই সেশনজট সৃষ্টি করতে চাই না।”
তিনি বলেন, আসনসংখ্যার তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়টি মেধাবীদের আঁতুড়ঘর বলেও মন্তব্য করেন তিনি।
উপাচার্য আরও বলেন, “এখন যারা এইচএসসিতে প্রথমবার উত্তীর্ণ হয়েছে বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছে, আমরা তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু যারা এক বা একাধিক বিষয়ে ফেইল করেছে, তাদের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের বসিয়ে রাখা কোনো সঠিক সিদ্ধান্ত না।”
