৯ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে প্রায় ৯ ঘণ্টা ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, তিনি প্রায় ৯ ঘণ্টা ধরে নিজ দপ্তরে অবরুদ্ধ রয়েছেন। এ বিষয়ে তার আলাদা কোনো বক্তব্য নেই এবং আইনবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে উপাচার্য স্পষ্ট ভাষায় লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে তার প্রশাসন কিছুই করবে না। আদালতের রায়ের আলোকে যা করার ছিল তা করা হয়েছে, বাকিটা সরকার নির্দেশ দিলে তিনি বাস্তবায়ন করবেন।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, অতীতেও কোনো চাপের কাছে তিনি মাথা নত করেননি এবং এখনো করবেন না। বিশ্ববিদ্যালয়ের সংস্কারে নেওয়া উদ্যোগগুলো করতে দিলে করবেন, না দিলে করবেন না; তবে অপপ্রচার চালিয়ে বা তাকে অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। এমনকি ৯ ঘণ্টার পরিবর্তে ৯০ ঘণ্টা ঘেরাও করে রাখলেও কোনো ফল আসবে না বলে তিনি মন্তব্য করেন।
আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাদের পাওনা পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর আগে রোববার আন্দোলনকারীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এবং দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময়কালকে 'অসাধারণ ছুটি' হিসেবে গণ্য করা এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হলেও ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বিধি অনুযায়ী, অসাধারণ ছুটির সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকে না। ফলে আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের আইনগত ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। প্রশাসনের আশঙ্কা, রায়ের বাইরে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই দাবি তুলতে পারেন, যা রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি করবে। এ কারণে বিষয়টি নিষ্পত্তিতে আইন ও বিধিবিধান অনুসরণের ওপরই গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
