জবির শীতকালীন ছুটি বাতিল, রমজানে সমন্বয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে প্রদান করা হবে।
রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় তা অনুমোদন করা হয়।
