রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেট কার্যকরের দাবিতে প্রশাসনকে চার দিনের সময় বেঁধে দিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস। সংগঠনটির সুনির্দিষ্ট দাবি দুটি হলো- আগামী ১৬ নভেম্বরের মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান এবং সিনেটের কার্যক্রম সচল করতে হবে।
লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ১০ নভেম্বরের মধ্যে রাকসুর নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণ ও সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। আগামী চার দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হব।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, উপাচার্য ভর্তি পরীক্ষার অযুহাত দেখিয়ে রাকসু নির্বাচনের ঝুঁকি নিতে চাচ্ছিলেন না। কিন্তু এখন ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। তাই আশা করছি আর কোনো পিছুটান নেই এবং যথাসময়ে নির্বাচন হতে কোনো আইনি বাধাও নেই।
প্রশাসনের সমালোচনা করে রাকসুর সাবেক এই জিএস বলেন, উপাচার্যের কাছে শিক্ষার্থীরা কোনো সমস্যা নিয়ে গেলে শুনতে হয় তিনি জরুরি মিটিংয়ে আছেন অথবা ঢাকায় গিয়েছেন। দেশ-বিদেশে ভ্রমণ করেও বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এগোচ্ছে না, বরং পিছিয়ে যাচ্ছে।
রাকসু নির্বাচনে ছাত্রদলের অবস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আম্মার বলেন, ছাত্রদলের বড় একটি অংশ নির্বাচন চায়। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। যদি তারা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিতে চায়, তবে সেটা করতে পারে।
এর আগে, গত ১০ নভেম্বর সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক ও আরিফ আলভিকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করে ‘রাবি সংস্কার আন্দোলন’
