জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: দিনভর বর্ণাঢ্য আয়োজনে কনসার্টে জেমস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে র্যালি, শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে। দিনের শেষ আয়োজনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক হয়ে ক্যাম্পাসে ফিরবে।
এরপর শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিকেলে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদ ও রঙ্গভূমি অংশ নেবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, অফসাইড, কোমল গান্ধার, কিম্ভুত ও স্বরূপ সংগীত পরিবেশন করবে।
দিনের শেষ আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস ও এর পরের দিন অর্থাৎ ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
