আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াডে ঢাকা পলিটেকনিকের সাফল্য, স্বর্ণপদকসহ একাধিক পদক অর্জন!
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক রোবটিক্স, প্রযুক্তি ও স্টেমভিত্তিক প্রতিযোগিতা ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড-২০২৬’ এবং ‘ফিবোনাচ্চি আইটিইসিএক্স কলেজ কংগ্রেস’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রকল্প, উদ্যোক্তা ও গবেষণাভিত্তিক বিভাগে একাধিক পদক ও পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে পদকজয়ী দলগুলো ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সবুজ প্রযুক্তি উদ্যোক্তা বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দল ‘ডায়নামিক প্রজেক্ট ইনোভেটরস-ডিপিআই’। উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান ও উপস্থাপনার মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে দলটি।
দলটির সদস্যরা হলেন—দলনেতা তাহসান আল মাহবী, উপস্থাপক মো. মাহিয়ান ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা ও কোডিংয়ে রুদ্র মন্ডল এবং দলের সদস্য তাহসিন খান স্বপ্নীল, রাতুল হাসান ও আমির হামজা লিমন।
এছাড়া একই প্রতিযোগিতার সবুজ উদ্যোক্তা বিভাগে ‘কার্বন-নেগেটিভ ইকো সিটি’ প্রকল্পের জন্য ‘দ্য অ্যারোভেট’ দল দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছে। সফটওয়্যার প্রযুক্তি উদ্যোক্তা বিভাগে ‘টিম মারাত্তক’ অর্জন করেছে ব্রোঞ্জপদক।
অন্যদিকে ‘ফিবোনাচ্চি আইটিইসিএক্স কলেজ কংগ্রেস’-এর গবেষণাপত্র বিভাগেও সাফল্য পেয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। তথ্যবিজ্ঞান বিভাগে ‘টিম জুলফিকার’ প্রথম স্থান অর্জন করেছে। দলের সদস্যরা হলেন এমডি সিফাত হোসেন ও মুপ্তাসিম ফুয়াদ তাহমিদ। একই বিভাগে তাহসান আল মাহবীর নেতৃত্বাধীন ‘ডায়নামিক প্রজেক্ট ইনোভেটরস’ দলও ব্রোঞ্জপদক অর্জন করেছে।
জাতীয় পর্যায়ে এসব সাফল্যের মধ্য দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও দলগত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। প্রকল্প ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় একাধিক দলের পুরস্কার অর্জন শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহের বিষয়টিও সামনে এনেছে।
ইতালির আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের প্রস্তুতি
জাতীয় পর্যায়ে পদক অর্জনের পর সংশ্লিষ্ট দলগুলো ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে ভ্রমণসহ অন্যান্য ব্যয়ের একটি অংশ দলগুলোকেও বহন করতে হবে।
এ বিষয়ে ডায়নামিক প্রজেক্ট ইনোভেটরস-ডিপিআই দলের সদস্যরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে তারা আনন্দিত। আয়োজকদের পক্ষ থেকে সফরের ব্যয়ের একটি অংশ বহনের ব্যবস্থা থাকলেও বাকি অর্থের জন্য দলের পক্ষ থেকে অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে শিগগিরই দলের সদস্যরা আলোচনায় বসে অংশগ্রহণের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করবেন।
তারা জানান, এ অর্জন শুধু নিজেদের দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তারা। এ জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতার মাধ্যমে পাশে দাঁড়ালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ আরও সহজ হবে বলে মনে করেন তারা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার লক্ষ্যে সফল দলগুলোর পরবর্তী যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
