ঢাবি বাগছাসের মুখ্য সংগঠকের পদত্যাগ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। এবারের ডাকসু নির্বাচনে সংগঠনটির সমর্থনে গঠিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে হাসিবুলকে প্রার্থী করা হয়েছিল। তবে প্যানেল ঘোষণার মাত্র তিন দিনের মাথায় তিনি বিদ্রোহ করেন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হন।
নিজের ফেসবুক পোস্টে হাসিবুল লেখেন, “সত্য ও ন্যায়ের মিছিলে থাকার অঙ্গীকার আমার সবসময় থাকবে। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে অঙ্গীকার গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। এবারের ডাকসু নির্বাচনে তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। তবে প্যানেল ঘোষণার পর সংগঠনটির অন্তত চারজন নেতা এজিএস পদে এবং আরও চারজন সম্পাদকীয় পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একইভাবে সদস্য পদেও তিনজন নেতা প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
