১৬ ঘণ্টা পর ক্ষতিপূরণ নিয়ে জাবি শিক্ষার্থীরা ছাড়লো ২৮ বাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাজধানী পরিবহনের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা প্রদানের পর আটকে রাখা ২৮টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ১৬ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমাধান হয়।
আলোচনায় অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুনের সহপাঠীরাও। রাজধানী পরিবহনের মালিকপক্ষ মুচলেকা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা প্রদান করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “মালিকপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যতে ভালো ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণের অর্থও প্রদান করেছে।”
প্রসঙ্গত, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সাভারের থানা স্ট্যান্ডে টিউশন শেষে ফেরার পথে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা খাতুন রাজধানী পরিবহনের বাসে ওঠেন। এ সময় হেলপারের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। চলন্ত বাস থেকে পড়ে গিয়ে তিনি আহত হন।
পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রাখে।
ঘটনার পরপরই ফেসবুকে এক পোস্টে হালিমা লিখেন, “আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে আসার পথে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে বলছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার পর সে শুনছে জিরানি যাব। গাড়িতে ওঠার পর আবার জিজ্ঞেস করছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার সঙ্গে সঙ্গে আমাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিছে। তখন ড্রাইভার বাস ছেড়ে দিয়েছে। আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে।”
