রাবি শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ বলে পেটানোর পরিকল্পনা ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ বলে পেটানোর পরিকল্পনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি স্ক্রিনশট ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
‘রাবি ছাত্রদল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই গ্রুপে ‘বট বাহিনীর ছেলেগুলো’ বলে পেটানোর বিষয়ে আলোচনা করছেন।
অভিযোগ উঠা স্ক্রিনশটে কথোপকথনে অংশ নেওয়া ব্যক্তিরা হলেন— শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ, বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং কর্মী হাসিবুল ইসলাম হাসিব।
স্ক্রিনশটে হাসিব লিখেছেন, ‘আগামীকাল ক্যাম্পাসে আসেন, এই বট বাহিনীর ছেলেগুলাকে চিহ্নিত করে দিন। এক সালাকেও ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসের বাইরে বের হবে না? সবগুলাকে একটা একটা করে ধরে ছিঁড়ে ফেলে দেব।’
জবাবে তুষার শেখ লেখেন, ‘ক্যাম্পাসের বাইরে-ভিতরে না মামা, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে।’
আহসান হাবীব লিখেছেন, ‘যাচাই-বাছাই ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা পোস্ট অ্যাপ্রুভ করায়, এদের বিরুদ্ধেও মামলা করা যাবে।’
আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, কথোপকথনের বার্তাগুলো মুছে ফেলা হয়েছে। তবে একটি বার্তায় তুষার শেখ লেখেন, ‘গায়ে হাত দেওয়া অন্যায় ঠিক। কিন্তু এদেরকে পেটানো ছাড়া কোনোভাবেই সোজা করা সম্ভব নয়। এদেরকে পিটুনি দিলে সব ঠিক।’
সোমবার (৫ মে) সকাল থেকে ‘রাবি ছাত্রদল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের দুটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ বলেন, “স্ক্রিনশটে কোথাও আমি ‘সাধারণ শিক্ষার্থী’ লিখিনি। ওখানে ‘বট বাহিনী’ বলতে যারা ফেসবুকে ছাত্রদল নিয়ে গুজব ও অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।”
যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম হাসিব বলেন, “স্ক্রিনশটের ‘হাসিব’ আমি। তবে আমি কোনো সাধারণ শিক্ষার্থীকে পেটানোর কথা বলিনি। ফেসবুকে অনেক একাউন্ট আছে যেগুলোর প্রোফাইল পিকচারেরই ঠিক নেই। সেসব একাউন্ট থেকে প্রতিনিয়ত মিথ্যা পোস্ট ও কমেন্ট করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি পেটানোর কথা বলেছিলাম।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। এমন যদি হয়েও থাকে, তবে সেই গ্রুপে সিনিয়র কোনো নেতৃবৃন্দ নেই। কোনো কিছু বলা আর করা তো এক নয়। ওরা হয়তো কথার কথা বলেছে। তবুও কোনো ছাত্রদল নেতার এমন কিছু করার সুযোগ নেই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “এ রকম কোনো স্ক্রিনশট বের হয়েছে, এটা আমার জানা নেই। এটা আসলেই ছাত্রদলের কারো কি না, সেই বিষয়টা নিয়েও সন্দেহ থেকে যায়। বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে হবে। কেন্দ্রে থেকে আমানুল্লাহ আমান রাবি শাখার দায়িত্ব পালন করছেন, আমরা তার সঙ্গে আলোচনা করে বিষয়টির সত্যতা জানার চেষ্টা করব। এর আগে কোনো মন্তব্য আমি করতে পারব না।”
