সরতে হচ্ছে শিরীণ আখতারকে, চবির নতুন ভিসি হচ্ছেন অধ্যাপক আবু তাহের
নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারকে শেষ পর্যন্ত সরিয়ে দেয়া হচ্ছে। তার জায়গায় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে দায়িত্ব দেয়া হবে। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে জারি হতে পারে প্রজ্ঞাপন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাওয়া ড. তাহের নিজেও ইউজিসি সদস্য।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে প্রফেসর আবু তাহেরের ফাইলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটি ডি নথি আকারে মন্ত্রণালয়ে আসবে। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।
তবে এই বিষয়ে জানতে ড. মো. আবু তাহের বলেন, এই মুহুর্তে কিছু বলা যাবে না। তবে দায়িত্ব পেলে নিজের সর্বোচ্চটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করবো
নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাওয়া অধ্যাপক মো. আবু তাহেরের জম্ম চট্টগ্রামের সাতকানিয়ে উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। তিনি ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে রুটিন দায়িত্বের অংশ হিসেবে ভিসির চেয়ারে বসেন তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে তিনি ২০১৯ সালের ৩ নভেম্বর রাষ্ট্রপতি কর্তৃক চবি ভিসির পূর্ণ দায়িত্ব পান। এরমধ্যে তার বিরুদ্ধে উঠে আসে নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ। তার এসব অনিয়মের বিরুদ্ধে শিক্ষকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় সেখানকার জ্যেষ্ঠ শিক্ষকদের নাম সংবলিত একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায়। এরই ভিত্তিতে অধ্যাপক আবু তাহেরকে ভিসি হিসেবে নিয়োগ করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সেকান্দার চৌধুরীকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেয়া হয়।
