শ্রীপুরে ৩৪০০ কৃষক পাচ্ছেন রবি মৌসুমের কৃষি প্রণোদনা
ছবি সংগৃহীত
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুরি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর উপজেলায় তিন হাজার ৪শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, প্রণোদনা নিতে আসা কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষাবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং মসুরি চাষাবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা ও উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা বেশি ফসল উৎপাদন করতে পারবেন বলে আশা করছি। কৃষকদের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।
