হারিয়ে যাচ্ছে আপনজনের সেই বন্ধন
সংগৃহীত
একসময় একই ছাদের নিচে থাকত দাদা-দাদি, বাবা-মা, চাচা-ফুফু, ভাই-বোনসহ পরিবারের বহু মানুষ। সুখ-দুঃখ, উৎসব-অনুষ্ঠান কিংবা বিপদ সবকিছুই ভাগাভাগি করে নেওয়ার সেই যৌথ পরিবার ছিল বাঙালির সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে জীবনযাত্রা, অর্থনীতি, মূল্যবোধ ও ব্যক্তিস্বাধীনতার ধারণা। শহুরে ব্যস্ততা, কর্মসংস্থানের পরিবর্তন, আবাসনসংকট এবং পারিবারিক নানা টানাপোড়েনে ধীরে ধীরে ছোট হয়ে আসছে সংসার। বাড়ছে একক পরিবার, কমছে একসঙ্গে থাকার অভ্যাস। ফলে শুধু একটি পরিবার নয়, বদলে যাচ্ছে প্রজন্মের সঙ্গে প্রজন্মের সম্পর্কের ধরনও। কেন ভাঙছে যৌথ পরিবার, কী হারাচ্ছে সমাজ এবং এই পরিবর্তনের ভবিষ্যৎই বা কোথায়, তা নিয়ে দ্য নিউজের তিন পর্বের বিশেষ আয়োজন। আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব।
আজ থেকে শত বছর আগের বাংলাদেশ চিন্তা করলে যৌথ পরিবার ছাড়া কিছু ভাবাই যেত না। তখন একই পরিবারের মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-ফুফু সবাই মিলে মৌচাকের মতো মিলেমিশে থাকত। সুখ-দুঃখে সবাই ছিল একে অপরের পরিপূরক। চল্লিশ, পঞ্চাশ কিংবা সত্তরের দশকেও এমন চিত্র দেখা যেত বাংলার ঘরে ঘরে। নব্বইয়ের দশকেও এমন চিত্র দেখা যেত। সময়ের ব্যবধানে এখন সেই যৌথ পরিবার হারিয়ে যেতে বসেছে।
গ্রামের মেঠোপথ পেরিয়ে কোনো বাড়ির উঠানে ঢুকলেই চোখে পড়ত বিশাল এক সংসার। একই ছাদের নিচে মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচি, ফুফু, ভাই-বোন, দূরের আত্মীয়। এমনকি রক্তের সম্পর্ক নেই, এমন দু-একজন মানুষও থাকতেন পরিবারেরই একজন হয়ে। সকালের নাশতা হতো একসঙ্গে, দুপুরের খাবারের সময়ও দেখা যেত লম্বা সারি। কারও বিয়ে, কারও জন্মদিন, কারও অসুখ সবকিছুই ছিল সবার। সন্ধ্যা নামলে বাড়ির উঠানে বসত গল্পের আসর। দাদা-দাদি পুরোনো দিনের গল্প শোনাতেন, শিশুরা ছুটে বেড়াত, মায়েরা রান্নাঘরে ব্যস্ত থাকতেন। বড়রা বকতেন, ছোটরা অভিমান করত, কিন্তু দিন শেষে সবাই আবার একই ঘরে ফিরত। সেই সংসারে ‘আমার’ আর ‘তোমার’ শব্দের চেয়ে ‘আমাদের’ শব্দটাই ছিল বড়।
সময় বদলেছে। বদলেছে মানুষের জীবন, চাহিদা, কর্মক্ষেত্র, সম্পর্কের ধরন। যে বাড়িতে একসময় ১৫-২০ জন মানুষ একসঙ্গে থাকতেন, সেই বাড়ির অনেক ঘর এখন তালাবদ্ধ। কেউ শহরে, কেউ বিদেশে, কেউ আলাদা বাসায়। একই পরিবারের মানুষ, অথচ সংসার আলাদা।
যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হওয়ার এই পরিবর্তন শুধু ঘর ভাগ হওয়ার গল্প নয়, এটি বদলে যাওয়া বাংলাদেশের সামাজিক জীবনেরও গল্প।
ষাট ও সত্তরের দশকের বাংলাদেশে গ্রামীণ সমাজে যৌথ পরিবার ছিল খুবই পরিচিত একটি পারিবারিক কাঠামো। কৃষিনির্ভর অর্থনীতি, সীমিত কর্মসংস্থান এবং পারিবারিক সম্পদের ওপর নির্ভরশীল জীবনযাপন সব মিলিয়ে একই পরিবারের অনেক সদস্যের একসঙ্গে বসবাস ছিল স্বাভাবিক।
পরিবারের উপার্জনকারী সদস্য হয়তো ছিলেন একজন বা দুজন। কিন্তু সেই আয়ের ওপর নির্ভর করতেন বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ আরও অনেকে। কেউ জমিতে কাজ করতেন, কেউ ব্যবসা দেখতেন, কেউ সংসার সামলাতেন।
পরিবারের প্রতিটি মানুষের আলাদা দায়িত্ব ছিল। একজন উপার্জন করতেন, আরেকজন বাজার করতেন, কেউ রান্না করতেন, কেউ শিশুদের দেখাশোনা করতেন। দায়িত্ব ভাগ হয়ে যাওয়ায় বড় পরিবারও অনেক সময় স্বাভাবিকভাবেই চলত।
তখন ব্যক্তিগত জীবনের চেয়ে পারিবারিক জীবনই ছিল বড়। নিজের ঘর, নিজের সময়, নিজের সিদ্ধান্ত এসবের জায়গা ছিল সীমিত। কিন্তু বিনিময়ে ছিল একসঙ্গে থাকার নিরাপত্তা।
সময়ের সঙ্গে কৃষিনির্ভর সমাজ বদলাতে শুরু করল। চাকরি, ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে থাকল শহরে। পরিবারের একজন ঢাকায় চাকরি পেলেন, আরেকজন চট্টগ্রামে ব্যবসা শুরু করলেন, কেউ গেলেন বিদেশে। প্রথমে মানুষ শহরে গেলেও গ্রামের বাড়ির সঙ্গে সম্পর্ক ছিল অটুট। ঈদে সবাই ফিরতেন, বিয়েতে সবাই জড়ো হতেন, ছুটিতে বাড়ি ভরে যেত মানুষের কোলাহলে। কিন্তু ধীরে ধীরে সেই ফিরে আসাটাও কমে গেল। যেন বদলে গেল একটা সময়, একটা সম্পর্ক।
শহরে চাকরি পাওয়া মানুষটি বিয়ে করলেন। সন্তান হলো। ছোট্ট একটি বাসায় শুরু হলো নতুন সংসার। এরপর সন্তানের স্কুল, স্ত্রীর চাকরি, অফিসের ব্যস্ততা সব মিলিয়ে গ্রামের বাড়িতে ফিরে গিয়ে আবার যৌথ সংসারে থাকা কঠিন হয়ে উঠল।
এভাবেই অনেক পরিবারে ভাঙনটা কোনো এক দিনে হয়নি। ধীরে ধীরে হয়েছে ঘর থেকে ঘর, প্রজন্ম থেকে প্রজন্মে।
বিশেষজ্ঞদের মতে, যৌথ পরিবার ভাঙার পেছনে অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক ও মানসিক পরিবর্তনও বড় ভূমিকা রেখেছে।
আগের প্রজন্ম যেখানে পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিত, নতুন প্রজন্ম সেখানে ব্যক্তিস্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কে কোথায় থাকবে, কীভাবে সংসার করবে, সন্তানের লালন-পালন কীভাবে হবে এসব সিদ্ধান্ত নিজের মতো করে নিতে চান অনেক দম্পতি।
একই ছাদের নিচে থাকলে মতের অমিল হতেই পারে। রান্নাঘর থেকে শুরু করে সন্তান লালন-পালন, অর্থ খরচ, ঘরের নিয়ম কিংবা ব্যক্তিগত সময় ছোটখাটো বিষয়ও কখনো কখনো বড় দ্বন্দ্ব তৈরি করে।
বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতার মূল্য বেড়েছে। ফলে অনেকের কাছে আলাদা সংসার মানে সম্পর্ক ছিন্ন করা নয়; বরং সম্পর্ক ঠিক রাখার একটি উপায়।
যৌথ পরিবার ভাঙার আলোচনায় আরেকটি বিষয় বারবার সামনে আসে প্রজন্মগত দ্বন্দ্ব। আগের দিনের পরিবারে বউকে মানিয়ে চলতে হতো শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদসহ পুরো পরিবারের সঙ্গে। এখন পরিস্থিতি বদলেছে। নারীরা পড়াশোনা করছেন, চাকরি করছেন, নিজের আয় করছেন। ফলে সংসার পরিচালনা ও ব্যক্তিগত সিদ্ধান্তেও তাঁদের মতামতের গুরুত্ব বেড়েছে।
যৌথ পরিবারে সম্পত্তি একটি বড় বিষয়। বাবা-মায়ের সম্পত্তি কে পাবেন, কে কতটা পাবেন, কে বাড়িতে থাকবেন, কে খরচ দেবেন এসব প্রশ্নও ভাইদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।
কখনো উত্তরাধিকার নিয়ে বিরোধ, কখনো আয়-ব্যয়ের হিসাব, কখনো কে পরিবারের জন্য বেশি করছেন এমন প্রশ্ন ধীরে ধীরে সম্পর্কের ভেতর সন্দেহ তৈরি করে।
যে ভাইয়ের সঙ্গে ছোটবেলায় একই থালায় ভাত খাওয়া হয়েছে, সময়ের ব্যবধানে তার সঙ্গেই সম্পত্তির ভাগ নিয়ে কথাকাটাকাটি হয়। শেষ পর্যন্ত ভাগ হয় জমি। ভাগ হয় বাড়ি। আর অনেক সময় ভাগ হয়ে যায় সম্পর্কও।
ঢাকার মতো বড় শহরে যৌথ পরিবার টিকিয়ে রাখা আরও কঠিন। ছোট ফ্ল্যাট, বাড়তি খরচ, যানজট, কর্মব্যস্ততা সবকিছু মিলিয়ে পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে একসঙ্গে বসবাস অনেকের কাছেই বাস্তবসম্মত নয়।
যৌথ পরিবার ভাঙার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে কিছু পারিবারিক সংস্কৃতিও। দাদা-দাদির কাছে বসে গল্প শোনা, চাচাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে বড় হওয়া, বাড়ির বড়দের কাছ থেকে পারিবারিক ইতিহাস জানা এসব এখন অনেক শিশুর জীবনে নেই।
আগে একটি শিশু শুধু বাবা-মায়ের সন্তান ছিল না; সে ছিল পুরো পরিবারের সন্তান। তার ভুল হলে চাচা বকতেন, দাদি আদর করতেন, ফুফু গল্প শোনাতেন। এখন অনেক শিশুর পৃথিবী সীমাবদ্ধ বাবা-মা, স্কুল, কোচিং আর মোবাইলের পর্দায়।
তবে এর মানে এই নয় যে যৌথ পরিবারই সব সময় সুখের ছিল, আর একক পরিবার মানেই খারাপ। যৌথ পরিবারে যেমন ছিল ভালোবাসা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা, তেমনি ছিল নিয়ন্ত্রণ, মতের সংঘাত ও ব্যক্তিস্বাধীনতার সীমাবদ্ধতাও।
সমস্যা হলো, সময়ের সঙ্গে পরিবার বদলেছে, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে। একসময় যে বাড়ির উঠানে সন্ধ্যা নামলেই মানুষের কোলাহল শোনা যেত, সেখানে এখন নীরবতা। বারান্দায় হয়তো বসে আছেন একজন বৃদ্ধ বাবা। পাশে খালি চেয়ার। দূরে থাকা ছেলের ফোন আসার অপেক্ষা।
