যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছে: লুবাখার
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে। সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান এইলিন লুবাখার।
এর আগে, বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।
এই দলে রয়েছেন- মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর এইলিন লুবাখার, ইউএসএইড সহকারী প্রশাসক ও এশিয়া ব্যুরো মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।
এর আগে, গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সে সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন তিনি।
