সাড়ে ৮ টায় ঢাকার বাতাস ছিল দুর্যোগপূর্ণ
বায়ু দূষণের দিক থেকে আজ রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার অবস্থান ছিল শীর্ষে। সকাল ১০টা ২০মিনিটে এই অবস্থান এক ধাপ নামিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়স্থানে এসেছে। এ সময় প্রথম স্থান ছিল দিল্লীর।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের দূষিত ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম। সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩৯৪। এ স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়। যে ছয়টি স্তরে দূষণের মাত্রা দেখা হয়, এর মধ্যে এটি সর্বোচ্চ।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী সকাল ১০টা ২০মিনিটে দিল্লির স্কোর ছিল ৩২৬, ঢাকা ২৬৬, লাহোর ২১৩, মুম্বাই ২১০, কোলকাতা ১৯৫।
