সুন্নতে খৎনায় আরো এক শিশুর মৃত্যু, দুই চিকিৎসক গ্রেপ্তার
সুন্নতে খৎনা করাতে গিয়ে এবার আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানী মালিবাগে জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলায় দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ২ চিকিৎসককে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
মৃত শিশুটির নাম আহনাফ তাহমিন আয়হাম (১০)। তিনি ফখরুল আলম ও খায়কুন নাহার চুমকির সন্তান। শিশুটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে আহনাফের খৎনা করানো জন্য তার বাবা-মা ওই চিকিৎসা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্মরত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে খৎনা করানোর জন্য ভর্তি করান। রাত আটটার দিকে খৎনার জন্য আহনাফকে ওটিতে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর জানানো হয় আহনাফ মারা গেছে।
আহনাফের বাবা ফখরুল আলম বলেন, চিকিৎসককে বলেছিলাম ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়ার জন্য। তারপরও ডা. মুক্তাদির ফুল অ্যানেস্থসিয়া দিয়েছেন। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। সুন্নতে খৎনার জন্য কেন ফুল অ্যানেস্থেসিয়া দিতে হবে? ফুল অ্যানেস্থেসিয়ার কারণে আগে একটা ছেলে মারা গেছে। সেজন্য আমি ডাক্তারকে পায়ে ধরে বলেছি, ফুল অ্যানেস্থেসিয়া যাতে না দেন। কিন্তু ডাক্তার আমার কথা শুনলেন না!
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, সকালে শিশুটির বাবা ডা. এস এম মুক্তাদিরসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে ডা. এস এম মুক্তাদির ও মাহবুবকে গ্রেপ্তার করেছি। সেই সঙ্গে ওই সেন্টারটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওই চিকিৎসা সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে লাশ হয়ে ফেরেন আয়ান নামের এক শিশু। সেখানেও অভিযোগ ছিলো ফুল অ্যানেস্থেসিয়া দেওয়ার।
