ভালোবাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবলীনার
পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস চলে গেল গেল বুধবার। বিশেষ দিনগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেবলীনা। সেখানে ভালোবাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, বর্তমানে প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব। পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন তিনি।
প্রথম প্রেমের বিষয়ে দেবলীনা বলেন, ‘আমার এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এই সম্পর্কে সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু এখন সে আমার অতীত।’
তিনি আরও বলেন, ‘প্রথম প্রেম বলে ভুলিনি। এক অনাবশ্যক কারণে ভেঙে যায় আমাদের সম্পর্ক। তবুও সেই সময়টা আজও ভুলতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, কিন্তু মানুষটা ফিকে হয়ে যায়।’
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে সমানভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। বর্তমানে বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
প্রসঙ্গত, প্রথম প্রেমে ব্যর্থ হন দেবলীনা। পরবর্তীতে ভালোবেসেই নির্মাতা তথাগত মুখার্জির সঙ্গে সাত পাকে বাধা পড়েন এই অভিনেত্রী। ২০২১ সালে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন তৈরি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির।
